ডুয়েট (DUET) এ দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ল্যাব উদ্বোধন


ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধীনে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব’-এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। ৩১ মার্চ ডুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ল্যাবটির যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। ইউজিসির হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মো. আবদুর রহমান ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএটিএফএস-এর চেয়ারপারসন অধ্যাপক ড. মো. শওকত ওসমান, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামাল-আল-হাসান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোছা. তহুরা পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বর্তমানে একাডেমিক অঙ্গনে একটি শক্তিশালী ও কার্যকর হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পাঠদান, গবেষণা, মূল্যায়ন পদ্ধতি এবং জ্ঞান সৃষ্টির কাঠামোতে এআই যে পরিবর্তন এনেছে, তা প্রচলিত শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। তিনি আরও বলেন, বিশ্ব এখন পঞ্চম শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে অবস্থান করছে। চতুর্থ শিল্পবিপ্লবের সাফল্যকে ভিত্তি করে পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষাক্ষেত্রে এআই-এর যথাযথ ব্যবহার অপরিহার্য। ডুয়েটের কারিকুলাম, একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় ধাপে ধাপে এআই সংযোজনের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: বাংলাদেশের সেরা ১০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়

তিনি আরও উল্লেখ করেন, এই আয়োজন শুধু একটি আনুষ্ঠানিক উদ্বোধন নয়; বরং এটি শিক্ষাখাতে ইউজিসির প্রকল্প বাস্তবায়নে ডুয়েট শিক্ষকদের দক্ষতা, সৃজনশীলতা, দায়িত্ববোধ এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রতিফলন। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং বাংলাদেশ সরকার ও ইউজিসির তত্ত্বাবধানে বাস্তবায়িত এই ল্যাব সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে ডুয়েটের স্বচ্ছতা ও অঙ্গীকারের একটি উল্লেখযোগ্য উদাহরণ বলেও তিনি মন্তব্য করেন। ভবিষ্যতের উদ্ভাবনভিত্তিক নেতৃত্ব গড়ে তুলতে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, নতুন এই ল্যাব ডুয়েটের উচ্চশিক্ষা ও গবেষণাকে আরও সময়োপযোগী করতে সহায়ক হবে। এআই-এর মাধ্যমে নীতিনির্ধারণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় এই ল্যাব কার্যকর অবদান রাখবে এবং দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে ডুয়েটের ভবিষ্যৎ ভূমিকা আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. রুমা, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নাজিম উদ্দীন, মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক অধ্যাপক ড. এ এন এম মোমিনুল ইসলাম মুকুট, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সাহিদসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, ডুয়েটের (DUET) ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব’ হিট প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ ধরনের প্রথম উদ্যোগ বাংলাদেশে। দেশের শিক্ষাখাতে জাতিসংঘের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অর্জন এবং বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী টেকনিক্যাল এডুকেশন খাতকে বৈশ্বিক চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে নীতিনির্ধারণে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।