২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাবির স্নাতক ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচিও প্রকাশ করেছে।

রোববার (২ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় জানানো হয়, আগের ধারাবাহিকতা বজায় রেখে এবারও ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’, ‘বিজ্ঞান’, ‘ব্যবসায় শিক্ষা’, ‘চারুকলা’ এবং ‘আইবিএ’—এই পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাবি ভর্তি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর আইবিএ ইউনিট, ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: রাজউক উত্তরা মডেল কলেজে প্রভাষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আইবিএ ইউনিট ছাড়া সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। আইবিএ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

৮ বিভাগীয় কেন্দ্রে পরীক্ষা

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের পরীক্ষা ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো—রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

পরীক্ষার কাঠামো অপরিবর্তিত

ভর্তি পরীক্ষার কাঠামোয় আগের নিয়মই বহাল রাখা হয়েছে। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।

অন্যদিকে, চারুকলা ইউনিটে থাকবে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা। আর আইবিএ ইউনিটে অনুষ্ঠিত হবে ৭০ নম্বরের এমসিকিউ এবং ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, অন্যান্য ইউনিটে এমসিকিউ ও লিখিত অংশের জন্য ৪৫ মিনিট করে সময় নির্ধারণ করা হয়েছে।

চারুকলা ইউনিটে এমসিকিউর জন্য ৩০ মিনিট এবং অঙ্কনের জন্য ৬০ মিনিট সময় থাকবে। অন্যদিকে, আইবিএ ইউনিটে এমসিকিউ অংশের জন্য ৯০ মিনিট এবং বর্ণনামূলক অংশের জন্য ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে মোট ১২০ নম্বরের ভিত্তিতে। এর মধ্যে ভর্তি পরীক্ষার জন্য থাকবে ১০০ নম্বর, আর এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ হবে ২০ নম্বর।

ঢাবিতে আবেদনের যোগ্যতা

ভর্তির জন্য আবেদনকারীদের ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ইউনিটভেদে ন্যূনতম জিপিএর শর্তও নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি—দুই পরীক্ষার জিপিএর যোগফল কমপক্ষে ৮.০ এবং প্রতিটি পরীক্ষায় ন্যূনতম ৩.৫ থাকতে হবে। এছাড়া নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাও এ ইউনিটে আবেদন করতে পারবেন।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন করতে দুই পরীক্ষার জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে ৩.০ থাকতে হবে। চারুকলা ইউনিটে আবেদন করতে জিপিএর যোগফল কমপক্ষে ৬.৫ এবং প্রতিটি পরীক্ষায় ন্যূনতম ৩.০ থাকতে হবে।

ভর্তি কমিটির সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য তাদের নিজস্ব কারিকুলাম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

এ ছাড়া সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস আগামী ২৮ মার্চ ২০২৭ থেকে শুরু হবে।