বুড়িগঙ্গায় এখনো বেঁচে আছে প্রায় ২০ ডলফিন, খাবার ক্ষতিকর সাকার ফিশ


ঢাকার বুড়িগঙ্গা নদীতে এখনো প্রায় ২০টি ডলফিন জীবিত রয়েছে। প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে নদীর ডলফিনের আচরণে পরিবর্তন এসেছে। আগে এসব ডলফিনকে মূলত একাকী বিচরণ করতে দেখা গেলেও বর্তমানে তারা দলবদ্ধভাবে চলাচল করছে। নদীর দূষিত পানি ও দেশীয় মাছের সংকটের কারণে খাদ্যাভ্যাসেও পরিবর্তন এসেছে এসব ডলফিনের। বর্তমানে তারা ক্ষতিকর ‘সাকার ফিশ’ খেয়ে জীবন ধারণ করছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল আজিজের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ১২ মাস ধরে, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এ গবেষণা পরিচালনা করা হয়।

গবেষণায় অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল আজিজের সঙ্গে যুক্ত ছিলেন সুমাইয়া খাতুন, আমির হামজা, মো. আমিনুর রহমান ও জাকিয়া সুলতানা শ্রাবণী।

আরও পড়ুন: একাদশ শ্রেণিতে ভর্তি: অতিরিক্ত ফি নিলে বাতিল হতে পারে প্রতিষ্ঠানের এমপিও

গবেষণায় দেখা গেছে, নদীর ডলফিনের আচরণেও পরিবর্তন এসেছে। আগে এসব ডলফিনকে মূলত একা বিচরণ করতে দেখা গেলেও প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য বর্তমানে তারা দলবদ্ধভাবে চলাচল করছে। জরিপে পাওয়া ডলফিনের ৮০ দশমিক ৭০ শতাংশই দলবদ্ধ অবস্থায় ছিল। প্রতি দলে গড়ে ৪ দশমিক ১৮টি ডলফিনের উপস্থিতি পাওয়া গেছে।

গবেষণায় আরও উঠে এসেছে, বুড়িগঙ্গা নদীর দূষিত পানিতে দেশীয় মাছের সংকট তৈরি হওয়ায় ডলফিনগুলো খাদ্য হিসেবে বেছে নিচ্ছে ক্ষতিকর ‘সাকার ফিশ’। অর্থাৎ নদীর প্রতিকূল পরিবেশে টিকে থাকতে একদিকে যেমন তাদের দলগত বিচরণের প্রবণতা বেড়েছে, অন্যদিকে খাদ্যাভ্যাসেও এসেছে পরিবর্তন।