২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর থেকে। চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের নির্ধারিত কলেজে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ ভর্তি কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত।
ভর্তি নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড অনুমোদিত ফির বাইরে কোনো অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। একই সঙ্গে অনুমোদিত সব ধরনের ফি যথাযথ রশিদের মাধ্যমে গ্রহণ করতে হবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এসব নির্দেশনার কোনো ধরনের ব্যত্যয় ঘটলে বেসরকারি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি কিংবা স্বীকৃতি বাতিল করা হতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিওভুক্তিও বাতিল করা হবে। আর সরকারি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমপিওভুক্ত কলেজে ভর্তি ফি
নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অঞ্চলভেদে নির্দিষ্ট ফি নির্ধারণ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ৫ হাজার টাকা ভর্তি ফি নেওয়া যাবে।
আরও পড়ুন: ৫০০ দাখিল মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালুর দাবি
ঢাকার বাইরে অন্যান্য মেট্রোপলিটন এলাকায় এ ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকায় ১ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।
নন-এমপিও কলেজে ভর্তি ফি
নন-এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রেও অঞ্চল ও ভার্সনভেদে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।
ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৫ হাজার এবং ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া জেলা পর্যায়ে নন-এমপিও কলেজে বাংলা ভার্সনে ৩ হাজার এবং ইংরেজি ভার্সনে ২ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে। উপজেলা ও মফস্বল এলাকায় বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিক নিশ্চায়নে বোর্ডের নির্ধারিত ফি
শিক্ষার্থীর কাছ থেকে ভর্তির প্রাথমিক নিশ্চায়নের সময় শিক্ষা বোর্ডের নির্ধারিত বিভিন্ন ফি নেওয়া হবে। এর মধ্যে বোর্ড রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা এবং বিএনসিসি ফি ১০ টাকা।
এ ছাড়া শিক্ষক কল্যাণ ফি ও অবসর সুবিধা ভাতা ফি বাবদ নেওয়া হবে ১০০ টাকা। সব মিলিয়ে বোর্ড নির্ধারিত মোট ফি ৩৩৫ টাকা।