সার্টিফিকেটে নাম ও জন্মতারিখ সংশোধন এর আবেদন নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অপ্রয়োজনীয় হয়রানি বন্ধে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (৪ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে শিক্ষার্থী বা আবেদনকারীর নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন নির্ভুলভাবে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত বোর্ডে ফরওয়ার্ড করতে হবে।
বোর্ডের ভাষ্য, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন হওয়ার পরও নির্ধারিত সময়ে বোর্ডে ফরওয়ার্ড করা হয় না। এর ফলে আবেদনকারীরা অপ্রয়োজনীয় ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: স্থাপনার নাম পরিবর্তন ইস্যুতে ঢাবি সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের
এ ছাড়া আবেদনপত্রে আবেদনকারী অথবা তার অভিভাবকের নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো ব্যক্তির মোবাইল নম্বর আবেদনপত্রে ব্যবহার করা যাবে না।
ঢাকা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে।
