জবি গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদে শিপন-সুফিয়ানের নেতৃত্বে নতুন কমিটি


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের অন্যতম বৃহৎ সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী শিপন সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু সুফিয়ান সরকার মনোনীত হয়েছেন।

শুক্রবার (২২ মে) সংগঠনের উপদেষ্টামন্ডলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত এই কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার নির্দেশ প্রদান করা হয়েছে।

৫ সদস্যের এই আংশিক কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি সোহানুর রহমান সোহান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের।

কমিটির সভাপতি শিপন সরকার বলেন, ‘গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের প্রাণের সংগঠন এ জেলা কল্যাণের দায়িত্ব পেয়েছি। সকলকে নিয়ে সম্মিলিত ভাবে এ সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। আমাদের এ সংগঠনের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার চেষ্টা করব।’

সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, ‘ছাত্রকল্যাণ সংগঠন যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে তা যথাযথভাবে পূরণের চেষ্টা করব। সকলের সহযোগিতায় জেলার ভাইবোনদের জন্য কল্যাণমূলক কাজ করব ইনশাআল্লাহ।’

নবগঠিত কমিটির অন্যান্য নেতারা তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখা এবং তাদের যে কোনো শিক্ষা-সংক্রান্ত বা ব্যক্তিগত সমস্যায় পাশে থেকে কাজ করে যাওয়াই হবে এই সংগঠনের মূল লক্ষ্য।