আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। নতুন নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর দিন সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন।
এছাড়া পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে প্রত্যেক পরীক্ষার্থীকে নিজ নিজ পরীক্ষাকক্ষে প্রবেশ নিশ্চিত করতে কেন্দ্র কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি বিভিন্ন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কেন্দ্রসচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার দিন কেন্দ্রের বাইরে শিক্ষার্থী, অভিভাবক কিংবা অন্য কোনো ব্যক্তির অযথা জটলা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন হলে মাইক ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণেরও পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে এলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশেষ বিবেচনায় তার রোল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিতে পারবেন। তবে এ সংক্রান্ত তথ্য পরবর্তীতে শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।
পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে পরীক্ষার্থীদের প্রবেশের সময় তল্লাশির ব্যবস্থাও রাখতে বলা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কোনো ব্যক্তি মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
এদিকে পরীক্ষা চলাকালে নকল প্রতিরোধে কেন্দ্রের টয়লেট তল্লাশি, সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং কেন্দ্রের অভ্যন্তরে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করার মতো বেশ কয়েকটি কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডের আশা, এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হলে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড।