মাধ্যমিক ভর্তি: লটারি নয়, পরীক্ষার মাধ্যমে ভর্তি


আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। দীর্ঘদিনের লটারিভিত্তিক ভর্তি ব্যবস্থা বাতিল করে নতুন নীতিমালার আওতায় ক্যাচমেন্ট এরিয়া এবং ভর্তি পরীক্ষার সমন্বয়ে শিক্ষার্থী নির্বাচন করা হবে। তবে এই ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে একক কোনো ব্যবস্থায় নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায়ে ভর্তি পরীক্ষা থাকবে, তবে সেটি কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে না। শিক্ষার্থীদের বসবাসের এলাকা বা ক্যাচমেন্ট এরিয়াকে গুরুত্ব দিয়ে স্থানীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। ফলে দেশের সব এলাকায় একই ধরনের ভর্তি পরীক্ষা বা অভিন্ন পদ্ধতি অনুসরণ করা হবে না।

তিনি আরও জানান, অতীতে যেভাবে স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালিত হতো, নতুন ব্যবস্থাতেও সেই অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে। ক্যাচমেন্ট এরিয়া এবং পরীক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আরও পড়ুন: কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই কোনো এইচএসসি পরীক্ষার্থী

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “আমরা সেভাবে যাচ্ছি না। আগে যেমন ভর্তি পরীক্ষা ছিল, তেমনই ক্যাচমেন্ট এরিয়া ও পরীক্ষার সমন্বয়ে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।”

ভর্তি পরীক্ষার ধরন, প্রশ্নপদ্ধতি ও সামগ্রিক কাঠামো সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে কাজ চলমান রয়েছে এবং সময়মতো পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরে লটারিভিত্তিক ভর্তি ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত ইতোমধ্যে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন ব্যবস্থায় নির্দিষ্ট এলাকার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি তাদের মূল্যায়নের সুযোগও রাখা হবে।