ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। আইন অনুষদের জন্য পৃথক ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। একই সঙ্গে কলা অনুষদের তিনটি বিভাগও স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবি জানিয়েছে। এসব প্রস্তাব পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক কমিটি গঠন করেছে।
কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার জানান, আইন অনুষদের পাশাপাশি কলা অনুষদের সংগীত, নৃত্যকলা এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগও উপাচার্যের কাছে পৃথক ভর্তি পরীক্ষা গ্রহণের প্রস্তাব জমা দিয়েছে। এসব প্রস্তাব বিবেচনায় নিয়ে কলা, চারুকলা ও আইন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট তিন বিভাগের চেয়ারম্যানদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুন অনুষ্ঠিত ‘২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার পদ্ধতিগত পরিবর্তন, আসন পুনর্বিন্যাস, শূন্য আসন পূরণ ও সংস্কার’ বিষয়ক কমিটির সভায় আইন বিভাগের পক্ষ থেকে আইন অনুষদের জন্য পৃথক ইউনিটে ভর্তি পরীক্ষা চালুর প্রস্তাব উপস্থাপন করা হয়।
সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন
এ বিষয়ে অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, বিভিন্ন অনুষদ আলাদা ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে এবং কিছু ক্ষেত্রে এ সংক্রান্ত কমিটিও গঠন করা হয়েছে। আইন অনুষদের মত হলো, পৃথক পরীক্ষা নেওয়া হলে তারা আরও যোগ্য ও উপযুক্ত শিক্ষার্থী নির্বাচন করতে পারবে। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের অনুকরণে আইন অনুষদের জন্য স্বতন্ত্র ভর্তি পরীক্ষার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এটি বাস্তবায়ন করা সম্ভব কি না, তা যাচাই করতে নতুন কমিটি কাজ করবে। তিনি নিজেও ওই কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
আরও পড়ুন: শিক্ষক বদলিতে বেসরকারি চাকরিজীবী স্বামী-স্ত্রীর কর্মস্থল আপাতত বিবেচনায় নয়
তিনি আরও বলেন, আইন অনুষদের প্রস্তাবের পাশাপাশি নৃত্যকলা, সংগীত এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগও পৃথক ভর্তি পরীক্ষার দাবি জানিয়েছে। এ বিষয়ে কলা, চারুকলা ও আইন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে আগামী ২১ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষা সংস্কার কমিটির কাছে মতামত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে পৃথক ভর্তি পরীক্ষার বিষয়ে কমিটির সব সদস্যের মধ্যে এখনো ঐকমত্য তৈরি হয়নি। যদিও কিছু ক্ষেত্রে আলাদা পরীক্ষা নেওয়ার সুযোগ থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, ১৭ জুনের সভায় আইন অনুষদের ভর্তি পরীক্ষা পৃথক ইউনিটে নেওয়ার বিষয়ে আইন অনুষদের ডিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্তও অনুমোদনের জন্য প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর পাঠানো হয়েছে।
প্রস্তাবিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আইন অনুষদের ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, কলা অনুষদের ডিন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন।
এ বিষয়ে অধ্যাপক আবুল কালাম সরকার বলেন, বিষয়টি নিয়ে গত সভায় আলোচনা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
আগামী শিক্ষাবর্ষ থেকেই ভর্তি পরীক্ষায় নতুন ইউনিট যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছর থেকেই পরিবর্তন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এ বিষয়ে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট অনুষদগুলো দ্রুত তাদের যুক্তি ও তথ্য-উপাত্ত উপস্থাপন করে প্রতিবেদন জমা দিলে ভর্তি পরীক্ষার ইউনিট সংখ্যা বাড়তে পারে।