আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে থাকছে না শহীদ ওসমান হাদি


আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে শহীদ শরীফ ওসমান বিন হাদির বীরত্বগাঁথা অন্তর্ভুক্ত করা হচ্ছে না। সরকারের বিনামূল্যের পাঠ্যবই প্রণয়ন ও মুদ্রণের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর সর্বশেষ উচ্চ পর্যায়ের সভায় এ বিষয়ে চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সভার আলোচ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বলেও জানা গেছে। তবে ২০২৮ শিক্ষাবর্ষে এ বিষয়টি পাঠ্যবইয়ে যুক্ত হবে কি না, সে সিদ্ধান্ত ভবিষ্যতে সংশ্লিষ্ট পরিকল্পনা ও বিষয়ভিত্তিক কমিটি গ্রহণ করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে নবম ও দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ এবং ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক দুটি প্রবন্ধের আলোকে নতুন পাঠ সংযোজনের কাজ চলছে।

এ ছাড়া প্রাথমিকের পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ অধ্যায়ে বিদ্যমান চার নেতার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিষয়ও অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে একই পাঠে শহীদ শরীফ ওসমান বিন হাদির বিষয়টি রাখা হচ্ছে না।

আরও পড়ুন: আলাদা ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবির আইন অনুষদসহ ৪টি বিভাগ

এ বিষয়ে এনসিটিবির প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর ড. মো. ইকবাল হায়দার বলেন, “আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের পাঠ্যবই সম্পাদনার কাজ শতভাগ শেষ হয়েছে। এখন পরবর্তী কার্যক্রম শুরু হবে। ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে শরীফ ওসমান হাদির বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে না।”

পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী পরিকল্পনায়

২০২৮ শিক্ষাবর্ষে এ বিষয়টি যুক্ত হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “২০২৮ সাল থেকে প্রাথমিক শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন আসছে। তখন কোন বিষয় পাঠ্যবইয়ে থাকবে বা বাদ যাবে, সে বিষয়ে পরিকল্পনা কমিটি ও বিষয়ভিত্তিক কমিটি সিদ্ধান্ত নেবে। আমাদের দায়িত্ব হলো পাঠ্যবই সম্পাদনা করা এবং নির্দেশনা অনুযায়ী কাজ করা।”

ড. ইকবাল হায়দার আরও জানান, প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩৬টি পাঠ্যবইয়ের সম্পাদনার কাজ ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে। তবে সরকার ঘোষিত চতুর্থ শ্রেণির জন্য নতুন দুটি বইয়ের সম্পাদনার কাজ এখনও বাকি রয়েছে। এ দুটি বইয়ের কর্মপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয় কার্যক্রম আগামী ১০ আগস্টের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৮ সালের পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মুগ্ধকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, একই ধরনের বিন্যাসে শরীফ ওসমান বিন হাদিকেও অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট পরিকল্পনা ও বিষয়ভিত্তিক কমিটির হাতেই থাকবে।