জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন গ্রহণ আজ ২৫ জুন থেকে শুরু হয়েছে। অনলাইন আবেদন চলবে আগামী ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত চার বছর মেয়াদি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। চলতি শিক্ষাবর্ষে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। ফি পরিশোধের পর আবেদনকারীদের আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।
ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং সংশ্লিষ্ট গ্রুপভিত্তিক বিষয় থেকে প্রশ্ন থাকবে। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩৫।
আবেদন যোগ্যতা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। অন্যদিকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
আরও পড়ুন: আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে থাকছে না শহীদ ওসমান হাদি
এ ছাড়া ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্যও আবেদনের সুযোগ রাখা হয়েছে। বিদেশি সনদধারী শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
মেধাতালিকা তৈরির ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আরও ১০০ নম্বর যোগ করা হবে। অর্থাৎ মোট ২০০ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মূল্যায়ন করা হবে। তবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পাবেন না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক আবেদন ফি এক হাজার টাকা হলেও চূড়ান্ত ভর্তি, নিবন্ধনসহ বিভিন্ন খাতে শিক্ষার্থীদের মোট ১৫ হাজার ১৪৫ টাকা পরিশোধ করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য কোনো আবাসিক সুবিধা থাকবে না। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।