৪৭তম বিসিএস | নিয়োগের সুপারিশ পেলেন ১ হাজার ৫২১ জন


দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর অবশেষে ৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত বাস্তবতায় আলোচনার কেন্দ্রে থাকা এ বিসিএসের ফল রোববার বিকেলে প্রকাশ করা হয়।

চূড়ান্ত ফলাফলে মোট ১ হাজার ৫২১ জনকে সরকারি চাকরিতে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩২০ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে মনোনয়নের সুপারিশ করা হয়েছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৩২০ জনকে ক্যাডার এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২৮ নভেম্বর ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগের লক্ষ্যে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। তবে ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হওয়ার কথা থাকলেও ৯ ডিসেম্বর তা স্থগিত করা হয়।

আরও পড়ুন: AI চশমা পরে পরীক্ষায় নকলের প্রবণতা বাড়ছে, কীভাবে কাজ করে এই প্রযুক্তি?

পরবর্তীতে একই বছরের ২৬ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংশোধিত বিজ্ঞপ্তিতে আবেদন ফি কমানোর পাশাপাশি মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়। এর ফলে মোট পরীক্ষার নম্বর ১ হাজার ১০০ থেকে কমিয়ে ১ হাজার নির্ধারণ করা হয়।

প্রথমবারের মতো আবেদনের বয়সসীমা ৩২ বছর

এ বিসিএসে প্রথমবারের মতো সর্বোচ্চ আবেদন বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়। পরে ২০২৪ সালের ২৯ ডিসেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়, যা চলে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের ৮ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরে ৪৩ দিন পিছিয়ে একই বছরের ১৯ সেপ্টেম্বর দেশের আট বিভাগীয় শহরের ২৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এরপর ২৮ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হলে ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হন।

পরে ২৭ নভেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরুর ঘোষণা দেওয়া হলে প্রার্থীদের একটি অংশ পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে নামেন। তবে পরীক্ষার নির্ধারিত সূচি পরিবর্তনে অনড় থাকে পিএসসি। কয়েকদিন আন্দোলনের পর আন্দোলনরত প্রার্থীরা লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণাও দেন।

নির্ধারিত সময় অনুযায়ী গত ২৭ নভেম্বর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কারিগরি ও পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১৮ ডিসেম্বর পর্যন্ত চলে।

পরবর্তীতে গত ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। এরপর ১১ মে থেকে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ শুরু করে কমিশন।

লিখিত ও মৌখিক পরীক্ষাসহ সব প্রক্রিয়া সম্পন্ন করার পর রোববার ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হলো।