চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ হতে পারে। ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
ওই দিন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য চার লাখের বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। তাদের করা আবেদনের সংখ্যা প্রায় ১৩ লাখ। এর মধ্যে তত্ত্বীয় বা লিখিত বিষয়ে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক বিষয়ে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি আবেদন রয়েছে।
আরও পড়ুন: একাদশ শ্রেণিতে ভর্তি হবে এসএসসির ফলের ভিত্তিতে, থাকছে না ভর্তি পরীক্ষা
হিসাব অনুযায়ী, একজন শিক্ষার্থী গড়ে তিনটি বিষয়ে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন।
বোর্ডভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে তত্ত্বীয় বিষয়ে ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক বিষয়ে ৫৮ হাজার ১২টি আবেদন পড়েছে। সব মিলিয়ে এই বোর্ডে পুনঃনিরীক্ষণের আবেদন হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৬৭৭টি।
এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে ১ লাখ ১২ হাজার ৬১১টি, রাজশাহী শিক্ষা বোর্ডে ১ লাখ ২২ হাজার ২২৮টি, যশোর শিক্ষা বোর্ডে ৯১ হাজার ৫৯টি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৭ হাজার ৬০১টি, বরিশাল শিক্ষা বোর্ডে ৬১ হাজার ৮৬টি, সিলেট শিক্ষা বোর্ডে ৬০ হাজার ৯৭৪টি, দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ লাখ ১১ হাজার ২৬০টি, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৮৭ হাজার ১৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৫৯টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫১ হাজার ২১৪টি আবেদন জমা পড়েছে।