বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ ও চ্যাটবট জেমিনির প্রো সংস্করণ ব্যবহারের সুযোগ দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। শুক্রবার (২১ আগস্ট) ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচির আওতায় বিশ্বব্যাপী এই বিশেষ সুবিধা চালু করেছে সিলিকন ভ্যালিভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
এই অফারের আওতায় এক বছরের জন্য শিক্ষার্থীরা জেমিনি ব্যবহারের সুবিধা, স্বাভাবিক ব্যবহারের তুলনায় দ্বিগুণ ব্যবহারের সীমা এবং ৪০০ জিবি বিনামূল্যের ক্লাউড স্টোরেজ পাবেন। এর পাশাপাশি গুগল এআই প্রো এবং ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশনেও শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে।
কারা পাবেন এই বিশেষ সুবিধা?
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে এই অফার গ্রহণ করতে পারবেন। তবে এর জন্য শিক্ষার্থীর নিজস্ব একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। পাশাপাশি দেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকার প্রমাণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিচয়পত্র প্রয়োজন হবে।
এ ছাড়া অফারটি গ্রহণের জন্য শিক্ষার্থীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
কীভাবে নেবেন?
প্রথমে ব্রাউজারে নিজের ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে লগইন করে Google One Student Page-এ যেতে হবে। এরপর ‘Get Student Offer’ বাটনে ক্লিক করতে হবে। সেখানে দেশ হিসেবে Bangladesh নির্বাচন করে বিশ্ববিদ্যালয়ের নাম ও নিজের নাম দিতে হবে।
আরও পড়ুন: এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল
এরপর স্টুডেন্ট আইডি অথবা সর্বশেষ সেমিস্টারের ফি পরিশোধের পে-স্লিপের ছবি আপলোড করে সাবমিট করতে হবে। প্রয়োজনীয় সব নথি জমা দেওয়ার পর গুগল তথ্য যাচাই করবে এবং কয়েক মিনিটের মধ্যে বিষয়টি নিশ্চিত করবে।
সবশেষে একটি পেমেন্ট মেথড যোগ করতে হবে। অফারটি সম্পূর্ণ বিনামূল্যের হলেও এটি সক্রিয় করার জন্য আন্তর্জাতিক পেমেন্ট সুবিধা রয়েছে—এমন একটি পেমেন্ট কার্ড যুক্ত করা বাধ্যতামূলক।
এ জন্য যেকোনো ব্যাংকের ডুয়াল-কারেন্সি ডেবিট বা ক্রেডিট কার্ড, যা পাসপোর্টে এন্ডোর্স করা, অথবা কোনো ভার্চুয়াল ডলার কার্ড ব্যবহার করা যাবে। তবে ১২ মাসের এই ট্রায়াল চলাকালে কার্ড থেকে কোনো অর্থ কাটা হবে না।
জেমিনি প্রোতে কী সুবিধা মিলবে?
তথ্য অনুযায়ী, জেমিনি প্রো গুগলের তৈরি শক্তিশালী এআই মডেলগুলোর একটি। এটি দ্রুত ও নির্ভুল তথ্য দেওয়ার পাশাপাশি কোডিং, তথ্য বিশ্লেষণ, কঠিন গাণিতিক সমস্যা সমাধান এবং জটিল বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করতে সহায়তা করে।
ফলে জেমিনি প্রো ব্যবহার করে শিক্ষার্থীরা নির্দিষ্ট বিষয়ের অ্যাসাইনমেন্ট, প্রতিবেদন ও উপস্থাপনা তৈরির পাশাপাশি কুইজ এবং বিভিন্ন ধরনের কনটেন্টের খসড়াও সহজে তৈরি করতে পারবেন।