চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ফল প্রস্তুতের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে ফলাফল প্রস্তুতের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
আরও পড়ুন: বুড়িগঙ্গায় এখনো বেঁচে আছে প্রায় ২০ ডলফিন, খাবার ক্ষতিকর সাকার ফিশ
এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা কিছুটা দেরিতে শেষ হয়েছে। এ বিষয়ে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ফলাফল প্রস্তুতের কাজ দ্রুত শেষ করতে অতিরিক্ত পরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
তার আশা, অতিরিক্ত পরীক্ষক নিয়োগসহ প্রয়োজনীয় কার্যক্রমের মাধ্যমে নির্ধারিত সম্ভাব্য সময়ের মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে।