এআই দিয়ে নকল করতে গিয়ে ধরা, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার


চট্টগ্রামে পরীক্ষার হলে মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকলের চেষ্টা করার অভিযোগে এক এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী গণমাধ্যমকে জানান, মানবিক বিভাগের ওই পরীক্ষার্থী প্রশ্নপত্র বিতরণের কিছুক্ষণ পর গোপনে মোবাইল ফোনে প্রশ্নের ছবি তোলেন। পরে তিনি স্মার্টফোনে থাকা একটি এআই অ্যাপে সেই প্রশ্নের ছবি আপলোড করে উত্তর সংগ্রহ করেন এবং তা খাতায় লেখা শুরু করেন। এ সময় দায়িত্বরত পরিদর্শকরা তাকে হাতেনাতে আটক করেন।

আরও পড়ুন: ঢাবির ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখার দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি

তিনি আরও জানান, পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং অসদুপায় অবলম্বনের দায়ে ওই পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), জীববিজ্ঞান (প্রথম পত্র), ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (প্রথম পত্র) এবং খাদ্য ও পুষ্টি (প্রথম পত্র) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা কয়েক দফায় বিঘ্নিত হয়েছিল। প্রথম দফায় গত ৮ জুলাই পরীক্ষা স্থগিত করা হয়। পরে বন্যা-পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় গত ১৬ জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

সোমবার থেকে আবারও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো পুনরায় শুরু হয়েছে।