‘নরসিংদী মেডিকেল কলেজ’ স্থাপনের অনুমোদন


দেশে আরও একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। নরসিংদী জেলায় ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিক সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

রোববার (১৪ জুন) স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন নরসিংদী জেলায় ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি অনুমোদন প্রদান করা হলো।

এর আগে গত ১৪ মে ঠাকুরগাঁওয়ে একটি নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছিল। নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদনের ফলে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে ৩৯টিতে উন্নীত হয়েছে।

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের জন্য বরাদ্দকৃত বাজেটের তালিকা

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সরকারি মেডিকেল কলেজ রয়েছে ৩৭টি এবং বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে ৬৭টি। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি এবং বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় একটি বেসরকারি মেডিকেল কলেজ পরিচালিত হচ্ছে। এসব মেডিকেল কলেজ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর অধিভুক্ত।

অন্যদিকে রাজধানীতে অবস্থিত আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি মেডিকেল কলেজ হলেও এটি বিইউপির অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি মুন্সিগঞ্জে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। তবে প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেই হিসাবে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ দেশের ৩৮তম এবং সদ্য অনুমোদন পাওয়া নরসিংদী মেডিকেল কলেজ ৩৯তম সরকারি মেডিকেল কলেজ হিসেবে যুক্ত হলো।