২০২৬-২৭ অর্থ বছরে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের জন্য বরাদ্দকৃত বাজেটের তালিকা প্রকাশ করা হয়েছে। দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২৬-২৭ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। গত ১১ জুন অনুষ্ঠিত ইউজিসির ১৮৭তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়।
অনুমোদিত বাজেটের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য বরাদ্দ করা হয়েছে ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা।
বিশ্ববিদ্যালয়গুলোর মোট বরাদ্দের মধ্যে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব বা পরিচালন ব্যয়ের জন্য এবং ৪৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা সংরক্ষণ করা হয়েছে।
গবেষণা বাজেটে নতুন সমন্বয়
ইউজিসি সূত্র জানিয়েছে, গবেষণা খাতে ব্যয়ের দ্বৈততা দূর করতে ২০২৬-২৭ অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয় ও ইউজিসির গবেষণা বাজেট একীভূত করা হয়েছে। ২০২৬ সালের ৪ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মধ্যমেয়াদি বাজেট কাঠামো (২০২৬-২৭ থেকে ২০২৮-২৯) সংক্রান্ত ত্রিপক্ষীয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতে বরাদ্দ ২০০ কোটি টাকা ইউজিসির বাজেটে স্থানান্তরিত হয়েছে। এতে ইউজিসির গবেষণা খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২২৬ কোটি টাকা। পাশাপাশি বৈদেশিক স্কলারশিপ খাতে অতিরিক্ত ১২ কোটি টাকা যুক্ত হওয়ায় এ খাতে মোট বরাদ্দের পরিমাণ হয়েছে ২৩৮ কোটি টাকা।
সর্বোচ্চ রাজস্ব বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়
২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় পেয়েছে ৫৪৩ কোটি ৫৮ লাখ টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫০৩ কোটি ৪৭ লাখ টাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক বদলি করবে স্থানীয় প্রশাসন: ববি হাজ্জাজ
অন্যান্য সাধারণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় পেয়েছে ১৮৮ কোটি ৪০ লাখ টাকা, খুলনা বিশ্ববিদ্যালয় ১৮২ কোটি ৯২ লাখ টাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৮৬ কোটি ৬০ লাখ টাকা, বরিশাল বিশ্ববিদ্যালয় ৬২ কোটি ৮৭ লাখ টাকা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৭৯ কোটি ৭২ লাখ টাকা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ৭৫ কোটি ২০ লাখ টাকা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৮২ কোটি ৮১ লাখ টাকা।
নতুন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় পেয়েছে ১৪ কোটি ৭৪ লাখ টাকা, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ১১ কোটি ৩ লাখ টাকা, নওগাঁ বিশ্ববিদ্যালয় ৯ কোটি ৭৬ লাখ টাকা, মেহেরপুর বিশ্ববিদ্যালয় ৮ কোটি ৬১ লাখ টাকা, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ৯ কোটি ১২ লাখ টাকা এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পেয়েছে ২১ কোটি ১৬ লাখ টাকা।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) পেয়েছে ১৪৯ কোটি ৩৩ লাখ টাকা।
বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর বরাদ্দ
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে ৬৮ কোটি ৩৬ লাখ টাকা। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় পেয়েছে ৫৪ কোটি ৫৪ লাখ টাকা, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় ৪৮ কোটি ৫২ লাখ টাকা এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ১৩ কোটি ৩৫ লাখ টাকা।
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ পেয়েছে ১৯ কোটি ৮৮ লাখ টাকা এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৮ কোটি ২০ লাখ টাকা।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে ১৮৬ কোটি ৬৬ লাখ টাকা। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে ১৩৩ কোটি ৪১ লাখ টাকা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১১৫ কোটি ৭২ লাখ টাকা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১২১ কোটি ২৯ লাখ টাকা এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১১৮ কোটি ৩৪ লাখ টাকা।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ ৯৮ কোটি ৭৮ লাখ টাকা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬৮ কোটি ৫৪ লাখ টাকা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭৮ কোটি ৭৪ লাখ টাকা এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৮ কোটি ৫৩ লাখ টাকা।
অন্যদিকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে ২১ কোটি ৯০ লাখ টাকা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮ কোটি ৭৩ লাখ টাকা, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ কোটি ৬৭ লাখ টাকা, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬ কোটি ৫০ লাখ টাকা এবং বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭ কোটি ১৮ লাখ টাকা।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর বরাদ্দ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পেয়েছে ২৮০ কোটি ৪৭ লাখ টাকা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে ১১০ কোটি ৪০ লাখ টাকা, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৬ কোটি ৩২ লাখ টাকা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১২৭ কোটি ৪৫ লাখ টাকা এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে ৯৭ কোটি ৫ লাখ টাকা।
কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে ৩৫২ কোটি ১২ লাখ টাকা। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পেয়েছে ১৪২ কোটি ৮৯ লাখ টাকা, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ১০২ কোটি ৮২ লাখ টাকা, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ৩০ কোটি ৭৫ লাখ টাকা, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ১৭ কোটি ৫০ লাখ টাকা, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ১৫ কোটি ৩১ লাখ টাকা এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পেয়েছে ৮৯ কোটি ৮২ লাখ টাকা।
মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর বরাদ্দ
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পেয়েছে ১৭৯ কোটি ২৫ লাখ টাকা। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে ১৩ কোটি ৭৭ লাখ টাকা, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ৬৩ লাখ টাকা, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ৮ কোটি ১৭ লাখ টাকা এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় পেয়েছে ১৩ কোটি ৩৪ লাখ টাকা।
জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য রাজস্ব খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪৮১ কোটি ৪৭ লাখ টাকা। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পেয়েছে ২৭৩ কোটি ৩২ লাখ টাকা।
অন্যদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য রাজস্ব বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে ২৪ কোটি ৯০ লাখ টাকা।