বন্ধ হয়ে যেতে পারে বেসরকারি কলেজের অনার্স কোর্স। দেশের বিভিন্ন বেসরকারি কলেজে পরিচালিত অনার্স কোর্সের মান ও সক্ষমতা যাচাই করে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে না পারলে কিছু কলেজে অনার্স কোর্স বন্ধ করে দেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ।
শুক্রবার (৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে অনুষ্ঠিত ‘কারিকুলামে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তকরণ বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, বর্তমানে নতুন করে অনার্স অধিভুক্তি কার্যক্রম বন্ধ রয়েছে। ২০১৬ সালে সংসদীয় কমিটির একটি সিদ্ধান্তের পর থেকে অনার্স কোর্সের নতুন অধিভুক্তি দেওয়া হচ্ছে না এবং সেই অবস্থান এখনো বহাল রয়েছে।
কলেজগুলোর র্যাংকিং ও মূল্যায়ন কার্যক্রম চলছে
তিনি জানান, সরকারি ও বেসরকারি কলেজগুলোর বাস্তবতা এক নয়। একইভাবে জেলা শহর ও রাজধানীর কলেজগুলোর পরিস্থিতিও ভিন্ন। আবার উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে পরিচালিত অনার্স কোর্সের ক্ষেত্রেও আলাদা বাস্তবতা রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলোর র্যাংকিং ও সামগ্রিক কার্যক্রম মূল্যায়নের উদ্যোগ নিয়েছে।
আরও পড়ুন: এসএসসি-এইচএসসি পরীক্ষায় বিষয় ও কর্মদিবস কমানোর সিদ্ধান্ত
অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ বলেন, বিভিন্ন কলেজে অনার্স কোর্স কীভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে এবং প্রায় ৯০ শতাংশ তথ্য ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে এসেছে।
তিনি আরও বলেন, সংগৃহীত তথ্য বিশ্লেষণের পাশাপাশি বিভিন্ন কলেজে পরিদর্শনও পরিচালনা করা হচ্ছে। মূল্যায়নের মাধ্যমে যেসব কলেজ অনার্স কোর্স পরিচালনার জন্য পর্যাপ্ত সক্ষমতা ও মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হবে, বিশেষ করে বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
উপাচার্যের ভাষ্য, কোনো প্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে না পারে, তাহলে সেখানে অনার্স কোর্স চালু রাখার যৌক্তিকতা থাকে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজগুলোর অনার্স কার্যক্রম বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনায় আসতে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই মূল্যায়ন কার্যক্রম শেষ হলে দেশের বিভিন্ন কলেজে অনার্স শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।