১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদের তালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রকাশিত তথ্যানুযায়ী, এবার মোট ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। গত ১৯ এপ্রিল এই তালিকা প্রকাশ করা হয়।
এনটিআরসিএ জানায়, ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি জারির লক্ষ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক শূন্যপদের চাহিদা সংগ্রহ কার্যক্রম গত ১২ এপ্রিল শেষ হয়েছে। এর আগে ৩১ মার্চ থেকে অনলাইনে এই চাহিদা জমা নেওয়া শুরু হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯তম এনটিআরসিএ শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান—থেকে এমপিওভুক্ত শূন্যপদের ই-রিকুইজিশন সংগ্রহ করা হয়েছে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী ৩১ মার্চ থেকে ১২ এপ্রিলের মধ্যে অনলাইনে এসব চাহিদা জমা দিতে হয় এবং গত রোববার ছিল এর শেষ দিন।
এতে আরও উল্লেখ করা হয়, এনটিআরসিএতে নিবন্ধিত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে অনলাইনে শূন্যপদের চাহিদা দিতে হয়েছে। পূর্বে প্রকাশিত কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় জমা দেওয়া চাহিদা এ ক্ষেত্রে বহাল থাকবে না। এছাড়া অফলাইন, হার্ডকপি কিংবা ই-মেইলের মাধ্যমে পাঠানো কোনো চাহিদা গ্রহণযোগ্য নয়।
এনটিআরসিএ আইন ২০০৫ এবং সংশ্লিষ্ট পরিপত্র অনুযায়ী, এমপিওভুক্ত শূন্যপদের জন্য ই-রিকুইজিশন দাখিল বাধ্যতামূলক। এ নির্দেশনা অনুসরণ না করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষা ২০২৬ এর নীতিমালা প্রকাশ, মানতে হবে যেসব নিয়ম
প্রতিষ্ঠানপ্রধানদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে http://ngi.teletalk.com.bd
অথবা এনটিআরসিএর ওয়েবসাইট (www.ntrca.gov.bd)-এর
ই-রিকুইজিশন সেবা বক্সে থাকা লগইন অপশনের মাধ্যমে প্ল্যাটফর্মে প্রবেশ করে নির্ধারিত অনলাইন ফরম পূরণ করে শুধুমাত্র এমপিওভুক্ত শূন্যপদের চাহিদা জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ই-রিকুইজিশন ফরম পূরণের সময় এনটিআরসিএর ওয়েবসাইটে প্রদর্শিত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
১৯ তম শিক্ষক নিবন্ধনের শূন্য পদের তালিকা বিশ্লেষণ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর নতুন নিয়োগ চাহিদাপত্রে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৭৭ হাজার ৭৯৯টি পদে শিক্ষক নিয়োগের তথ্য পাওয়া গেছে। চাহিদাপত্র অনুযায়ী স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে এ নিয়োগ দেওয়া হবে।
স্কুল পর্যায়ে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে সহকারী শিক্ষক চারু ও কারুকলা বিষয়ে, যেখানে পদসংখ্যা ৮ হাজার ৫৩৮টি। এছাড়া সহকারী শিক্ষক শারীরিক বিজ্ঞান (পদার্থ ও রসায়ন) পদে ৫ হাজার ৯৭৩টি, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান পদে ৫ হাজার ৮৩১টি, সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদে ৫ হাজার ২৫৭টি এবং সহকারী শিক্ষক লাইব্রেরি ও তথ্যবিজ্ঞান পদে ৫ হাজার ৩২টি শূন্যপদ রয়েছে।
মাদ্রাসা পর্যায়ে ইবতেদায়ী মৌলভী পদে ৬ হাজার ১৬৬টি, ইবতেদায়ী কারি পদে ২ হাজার ৫৬৩টি, সহকারী মৌলভী (কারি) পদে ৪ হাজার ৯৩৮টি, সহকারী মৌলভী (আরবি) পদে ২ হাজার ৪৮৮টি এবং সহকারী মৌলভী (আল-কুরআন) পদে ১ হাজার ৩২৯টি পদ রয়েছে।
কলেজ পর্যায়ে প্রভাষক লাইব্রেরি ও তথ্যবিজ্ঞান বিষয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৬৪টি পদ রয়েছে। এছাড়া প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদে ৮২০টি, প্রভাষক আরবি পদে ৬৫৬টি, প্রভাষক আল-কুরআন ও ইসলামিক স্টাডিজ পদে ৩৬৩টি, প্রভাষক আল-ফিকহ ও ইসলামিক স্টাডিজ পদে ৩২৬টি এবং প্রভাষক দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ পদে ৩১৬টি শূন্যপদ রয়েছে।
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেড ইন্সট্রাক্টর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি/কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পদে ১৭১টি শূন্যপদ রয়েছে। এছাড়া বিভিন্ন ট্রেডে আরও একাধিক পদে নিয়োগ দেওয়া হবে।
এদিকে, এনটিআরসিএ শিগগিরই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আবেদন প্রক্রিয়া শুরু হলে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
সম্পূর্ণ তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন।