এসএসসি (SSC) পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই। ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের প্রথম তিন মাসের কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম (কারিকুলাম) পরিমার্জনের কাজ চলমান রয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণির পাঠ্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে। বিষয়গুলো হলো— ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’।
তিনি আরও জানান, শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন স্বল্প সময়ে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই ২০২৭ সালের পাঠ্যবইয়ে আংশিক পরিবর্তন আনা হবে। আর পূর্ণাঙ্গ ও সার্বিক পরিবর্তনের প্রতিফলন দেখা যাবে ২০২৮ সালের পাঠ্যবইয়ে।
আগামী এসএসসি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের জুন মাসের মধ্যেই এসএসসির সিলেবাস সম্পন্ন হবে। সে অনুযায়ী আগামী ৭ জানুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে গত ২১ এপ্রিল শুরু হয় এবং ২০ মে পর্যন্ত চলে। পরীক্ষা শেষ হওয়ার পর সাধারণত ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। এবারও সেই সময়সীমার মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে।
আরও পড়ুন: এসএসসি-এইচএসসি পরীক্ষায় বিষয় ও কর্মদিবস কমানোর সিদ্ধান্ত
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
এসএসসি (SSC) পরীক্ষার ফল জানার উপায়
অনলাইনে ফল দেখার নিয়ম
শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার বছর, শিক্ষা বোর্ডের নাম, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে ফলাফল জানতে পারবে।
এসএমএসের মাধ্যমে ফল জানার নিয়ম
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে—
SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026
উদাহরণ: SSC DHA 123456 2026
এরপর পাঠাতে হবে 16222 নম্বরে।
মাদরাসা বোর্ডের (দাখিল) ফল জানার নিয়ম
ফল প্রকাশের সঙ্গে সঙ্গে মোবাইলে ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য লিখতে হবে—
Dakhil MAD রোল নম্বর 2026
উদাহরণ: Dakhil MAD 123456 2026
এবং পাঠাতে হবে 16222 নম্বরে।
কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানার নিয়ম
মেসেজে লিখতে হবে—
SSC TEC রোল নম্বর 2026
এরপর পাঠাতে হবে 16222 নম্বরে।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব EIIN নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করতে পারবে।