দূর-দূরান্তে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সফটওয়্যারভিত্তিক শিক্ষক বদলি ব্যবস্থা চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকদের বদলি কার্যক্রম দ্রুত শুরু করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগ সুপারিশ কার্যক্রম প্রথম চালু হয়েছিল ২০০৬ সালে। পরবর্তী সময়ে সেই ব্যবস্থায় পরিবর্তন এলেও বর্তমানে আবারও এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ সুপারিশ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত শিক্ষকদের কথা বিবেচনা করে সফটওয়্যারের মাধ্যমে বদলির ব্যবস্থা চালু করা হবে। এ বিষয়ে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তবে সবকিছু বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রাথমিক শিক্ষার বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি জানান, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে বিভাগীয় ও জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যেখানে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এটিকে তিনি সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরও জানান, এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের লিখিত পরীক্ষা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। এ নিয়োগ প্রক্রিয়ার ভাইভা পরীক্ষা শিগগিরই নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ড. নুসরাত ফাতেমা স্বাগত বক্তব্য প্রদান করেন।