নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা, জানালেন শিক্ষামন্ত্রী


শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা কমিয়ে শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষাকে আরও কার্যকর করতে নতুন সিলেবাস ও কারিকুলাম প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, সারা দেশে কারিগরি শিক্ষার বিস্তার এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে নির্মাণাধীন ৩২৯টি নতুন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হবে। প্রধানমন্ত্রীর বিশেষ এজেন্ডা বাস্তবায়নে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি ট্রেনিং সেন্টারসহ সার্বিক কারিগরি শিক্ষার সম্প্রসারণ অপরিহার্য। নতুন প্রজন্মের জন্য যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষাই হবে সবচেয়ে বড় শক্তি।

আরও পড়ুন: মাধ্যমিক ভর্তি: লটারি নয়, পরীক্ষার মাধ্যমে ভর্তি

ড. মিলন বলেন, দেশের জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে বদ্ধপরিকর।

সেশনজট কমাতে একাধিক উদ্যোগ সরকারের

শিক্ষাক্ষেত্রে সেশনজট কমিয়ে আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, ২০২৮ সালের মধ্যে এমন একটি ব্যবস্থা চালু করা হবে, যাতে শিক্ষার্থীরা পরীক্ষা শেষ করার পর দীর্ঘ সময় অপেক্ষা না করে দ্রুত পরবর্তী ধাপে অগ্রসর হতে পারে। কলেজ শিক্ষা শেষ করেই তারা বিশ্ববিদ্যালয়ের পাঠদান শুরু করার সুযোগ পাবে।

এ সময় তিনি আরও জানান, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে। পাশাপাশি আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য রয়েছে।

শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগের অংশ হিসেবে আগামী জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

পাঠ্যপুস্তক পরিমার্জনের বিষয়ে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সংশোধিত ও পরিমার্জিত নতুন বই পৌঁছে দেওয়া হবে, যাতে নতুন শিক্ষাবর্ষের শুরু থেকেই শিক্ষার্থীরা নির্বিঘ্নে বই হাতে পায়।

কোচিংনির্ভরতা কমাতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, নতুন সিলেবাস ও কারিকুলাম এমনভাবে সাজানো হচ্ছে, যাতে শিক্ষার্থীদের অপ্রয়োজনীয়ভাবে কোচিং সেন্টারের ওপর নির্ভর করতে না হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের শুধু চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না রেখে পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।