এইচএসসি পরীক্ষায় নকল ধরা পড়লে ৫ ধাপে ব্যবস্থা নেবেন পরীক্ষক


এইচএসসি পরীক্ষায় নকল বা যেকোনো ধরনের অনিয়ম শনাক্ত হলে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক ও কক্ষ প্রত্যবেক্ষকদের পাঁচটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

শনিবার (২০ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোর্ড এ নির্দেশনা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নকলসংক্রান্ত ঘটনায় স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সব নথিপত্র সংরক্ষণ ও বোর্ডে পাঠানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, প্রথমত কক্ষ প্রত্যবেক্ষক অথবা দায়িত্বে থাকা যে কর্মকর্তা নকল শনাক্ত করবেন, তার বিস্তারিত বিবরণ দিতে হবে। একই সঙ্গে নকল ধরার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার মূল প্রতিবেদন সংযুক্ত করতে হবে।

আরও পড়ুন: প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক পদ নিয়ে মামলার রায় ২ জুলাই

দ্বিতীয়ত, পরীক্ষার্থী নকল করার সময় ধরা পড়েছে কি না অথবা তার কাছে নকলের উদ্দেশ্যে ব্যবহৃত কাগজপত্র পাওয়া গেছে কি না এবং সে নকল সম্পন্ন করতে সক্ষম হয়েছিল কি না—এসব বিষয়ের প্রকৃত অবস্থা বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। যদি নকল করার সময় তাকে আটক করা হয়, তাহলে উত্তরপত্রে নকল করা অংশ এবং জব্দ করা কাগজপত্রে সংশ্লিষ্ট অংশ লাল কালি দিয়ে চিহ্নিত করতে হবে। সেই সঙ্গে বিষয়টি শনাক্তকারী কর্মকর্তার তারিখসহ স্বাক্ষর থাকতে হবে।

তৃতীয়ত, পরীক্ষার্থী যদি নকলের কাগজপত্র জমা দিতে বাধা দেয়, নির্দেশ অমান্য করে বা প্রত্যবেক্ষক কর্মকর্তার সঙ্গে কোনো ধরনের অবৈধ আচরণ করে, তাহলে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ প্রতিবেদনে উল্লেখ করতে হবে।

চতুর্থত, শৃঙ্খলা বিধি ৪(ই) অনুযায়ী কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার না করে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হলে, সেই সিদ্ধান্তের কারণ বিস্তারিতভাবে একটি পৃথক গোপনীয় প্রতিবেদনে উল্লেখ করতে হবে। এরপর উত্তরপত্র ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র বোর্ডে পাঠাতে হবে।

পঞ্চমত, জব্দ করা উত্তরপত্র, প্রবেশপত্র, নকলের কাগজপত্রসহ সব ধরনের আটককৃত নথি এবং সংশ্লিষ্ট প্রতিবেদন একসঙ্গে সংযুক্ত করে যথাযথ নিয়মে শিক্ষা বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, নকলসংক্রান্ত প্রতিটি ঘটনায় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ নিশ্চিত করা হলে পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখা সহজ হবে।