ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (DCU) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি-সংক্রান্ত যোগ্যতা, পরীক্ষার পদ্ধতি এবং অন্যান্য নীতিমালা প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (১০ জুন) থেকে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ৫ জুলাই থেকে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ৬ সেপ্টেম্বর।
DCU তে তিন ইউনিটে শিক্ষার্থী ভর্তি
২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা সংশ্লিষ্ট ইউনিটের বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদি প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ লক্ষ্যে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
DCU তে আবেদনের নিয়মাবলী
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে (www.dcu.ac.bd) প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আবেদনের যোগ্যতা, ইউনিটভিত্তিক শর্ত, ভর্তি পরীক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিস্তারিতভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। আবেদনকারীদের নির্দেশিকা ভালোভাবে পড়ে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া ২০২৪ অথবা ২০২৫ সালে বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের অধীনে সংশ্লিষ্ট বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কারিগরি শিক্ষা বোর্ড ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই শিক্ষাবর্ষভিত্তিক শর্ত প্রযোজ্য হবে।
আরও পড়ুন: বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল, আসছে এআই ও সাইবার সিকিউরিটি
ভর্তি পরীক্ষায় অংশ নিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার জিপিএর মোট যোগফল ন্যূনতম ৭.০০ থাকতে হবে।
অন্যদিকে, IGCSE/O-Level ও IAL/A-Level সমমানের সনদধারীদের ক্ষেত্রে সমতা নিরূপণের ভিত্তিতে সাতটি বিষয়ের মধ্যে অন্তত চারটি বিষয়ে B গ্রেড এবং বাকি তিনটি বিষয়ে অন্তত C গ্রেড থাকতে হবে। এসব শর্ত পূরণকারী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন।
ভর্তি পরীক্ষা ও ফল প্রকাশের সময়সূচি
প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১১ জুলাই অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন।
অন্যদিকে, ১৭ জুলাই বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নেওয়া হবে।
এছাড়া ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখও আগেই নির্ধারণ করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১৪ জুলাই। আর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে ২০ জুলাই।
পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মোট ১০০টি প্রশ্নের জন্য পূর্ণমান থাকবে ১০০।
ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। কোনো পরীক্ষার্থী ৪০ নম্বরের কম পেলে তাকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না।
এছাড়া প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুসৃত পাঠ্যসূচির ভিত্তিতে ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করা হবে। পরীক্ষায় মোট চারটি বিষয়ে প্রশ্ন থাকবে এবং প্রতিটি বিষয়ের জন্য বরাদ্দ থাকবে ২৫ নম্বর করে।
ইউনিট পরিবর্তন সংক্রান্ত নির্দেশনা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান ইউনিটের পরীক্ষার্থী সরাসরি কলা ও সমাজবিজ্ঞান ইউনিট কিংবা ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
তবে কোনো শিক্ষার্থী যদি বিজ্ঞান ইউনিট থেকে উত্তীর্ণ হয়ে কলা ও সমাজবিজ্ঞান ইউনিট অথবা ব্যবসায় শিক্ষা ইউনিটের কোনো বিভাগে ভর্তি হতে চান, তাহলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অনলাইনে বিভাগ পছন্দক্রম ফরম পূরণের সময় বিষয়টি উল্লেখ করতে হবে।
পরবর্তীতে বিধি অনুযায়ী মেধা তালিকা ও আসনসংখ্যার ভিত্তিতে বিভাগ নির্ধারণ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।