ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (DCU) ভর্তি আবেদন মে মাসে, পরীক্ষা জুনে


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (DCU) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী মে মাসের প্রথম সপ্তাহে শুরু করার প্রস্তুতি নিচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে জুন মাসের মাঝামাঝি সময়ে। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত এই নতুন বিশ্ববিদ্যালয়টি চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আইনি স্বীকৃতি পায়। এরপর ১ এপ্রিল উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সচল রাখতে কাজ করছেন। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে বিভিন্ন পরিকল্পনাও গ্রহণ করছেন।

DCU উপাচার্যের কাছে সাত দফা দাবি

বিশ্ববিদ্যালয়টি নবগঠিত হলেও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এখনো রয়ে গেছে। এসব বিষয়ে মতামত জানতে উপাচার্য সাতটি কলেজ ক্যাম্পাস পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। গত ১২ এপ্রিল ঢাকা কলেজে অনুষ্ঠিত এক সভায় সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক উপাচার্যের কাছে সাত দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে ছিল একাডেমিক সমন্বয় নিশ্চিত করা, স্বতন্ত্র একাডেমিক পরিচয় প্রতিষ্ঠা, সেশনজট দূর করা, সময়োপযোগী পরীক্ষা পদ্ধতি চালু, কার্যকর প্রশাসনিক কাঠামো ও শিক্ষক নিয়োগ, আন্তর্জাতিক মানের কারিকুলাম প্রণয়ন, শিক্ষার্থীদের স্বতন্ত্র পরিচয় নিশ্চিত করা এবং সহশিক্ষা কার্যক্রম উন্নয়ন। পাশাপাশি চলমান সব সেশনকে ডিসিইউর আওতায় আনার দাবিও জানানো হয়। সাতটি কলেজের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এসব দাবি উপস্থাপন করেন এবং উপাচার্য সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য ‘স্কুলিং’ কাঠামোর কথা উল্লেখ থাকলেও তা এখনই বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন উপাচার্য। তিনি বলেন, এই কাঠামো বাস্তবায়নের আগে আরও পরিকল্পনা ও কাজ প্রয়োজন। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়, সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (DCU) বিল ২০২৬ সংসদে পাস

তিনি আরও উল্লেখ করেন, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা কো-অর্ডিনেশন ব্যবস্থার পক্ষে নয় এবং সাতটি কলেজের নিজস্ব ঐতিহ্য রয়েছে। তাই হঠাৎ করে একক সিদ্ধান্তে পরিবর্তন আনা ঠিক হবে না এবং পুরো প্রক্রিয়া বাস্তবায়নে কয়েক বছর সময় লাগতে পারে।

অধ্যাদেশ অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ডিসিইউর কার্যক্রম শুরু হয়েছে। তবে এর আগের সেশনগুলো আগের নিয়ম অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই থাকবে। এ বিষয়ে উপাচার্য বলেন, চলমান সেশনগুলোর সঙ্গে ডিসিইউর কার্যক্রমের সরাসরি কোনো সম্পর্ক থাকবে না এবং পরীক্ষা পূর্বের নিয়মেই ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে। তিনি আরও জানান, চলমান সেশনগুলো অন্তর্ভুক্ত করলে অতিরিক্ত জনবল প্রয়োজন হবে এবং জটিলতা তৈরি হতে পারে। তবে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে।

DCU ভর্তি বিজ্ঞপ্তি মে মাসে, পরীক্ষা জুনে

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য জানিয়েছেন, আগামী মাসের প্রথম সপ্তাহেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, জুন মাসের মাঝামাঝি সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের লোগো প্রস্তুত এবং শিক্ষার্থীদের আইডি কার্ড সরবরাহের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সেশনজট কমাতে বিশেষ পদক্ষেপ হিসেবে ‘ক্রাশ প্রোগ্রাম’ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এ উদ্যোগের আওতায় আট মাসের একাডেমিক কার্যক্রম ছয় মাসে শেষ করা হবে এবং পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে বলে জানান উপাচার্য।

শিক্ষার গুণগত মান উন্নয়নে একাধিক উদ্যোগ গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে। উপাচার্য বলেন, সাতটি ক্যাম্পাসেই ফ্রি ওয়াইফাই সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি মানসম্মত বইয়ের ঘাটতি কাটাতে চালু করা হবে ই-লাইব্রেরি ব্যবস্থা। এর পাশাপাশি আধুনিক ও সময়োপযোগী কারিকুলাম প্রণয়ন, দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তার, আইসিটি শিক্ষার প্রসার এবং গবেষণার মানোন্নয়নে কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি।